রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ মে) সকালে কলেজটির অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৩ মে) কলেজের ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) ও বিএসসি বেসিক নার্সিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পাল্টা হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন এবং কলেজ ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবাসিক শিক্ষার্থীদের ১৪ মে (বুধবার) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। একজন শিক্ষার্থী বলেন, “আমাদের ওপর হামলা হলো, আমরা আহত হলাম, অথচ শাস্তি আমাদেরকেই দেওয়া হচ্ছে। আমাদের লেখাপড়া বাদ দিয়ে হল ত্যাগ করতে বলা হচ্ছে!”
কলেজ অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন বলেন, “আগামী ১৬ মে থেকে পরীক্ষা শুরু। এরমধ্যে যদি আরও বিশৃঙ্খলা হয়, তাহলে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যাবে। সব দিক বিবেচনা করে আমি অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় শিক্ষা কার্যক্রম চালু করা হবে।”