জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের বিচার না হলে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ‘হতে দিব না’ বলে হুমকি দিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ছাত্রদলের প্যানেলের কার্যকরী সদস্য পদপ্রার্থী হামিদুল্লাহ সালমান।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জাকসু নির্বাচনে কার্যকরী সদস্য পদপ্রার্থী হামিদুল্লাহ সালমান এমন হুমকি দেন।
তিনি বলেন, “আসন্ন জাকসু নির্বাচনের আগে আওয়ামীপন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের বিচার করতে হবে। একইসঙ্গে অছাত্রদের হলে হলে অবস্থান থেকে বের করতে হবে। অন্যথায় আগামী ১১ তারিখের জাকসু নির্বাচন হতে দেওয়া হবে না।”
তার এমন বক্তব্যে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম স্পষ্ট বক্তব্য দেন। তিনি বলেন, “কোনো অপশক্তি জাকসু নির্বাচন আটকাতে পারবে না। নির্ধারিত সময়ে যথাযথভাবে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, দীর্ঘ প্রায় তিন দশক পর আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহুল প্রত্যাশিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই হলে হলে পোস্টার, লিফলেট আর প্রচারণার সরব পরিবেশ সৃষ্টি হয়েছে।