মেধা আর মননের জয়গানে মুখরিত হলো বগুড়ার শহীদ টিটু মিলনায়তন। এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বগুড়া শহর শাখা।
বৃহস্পতিবার ৭ আগষ্ট, ২০২৫ সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদের চোখে ছিলো ভবিষ্যতের দীপ্ত প্রতিজ্ঞা, কণ্ঠে ছিলো দেশগঠনের অঙ্গীকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার। সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, “এই মেধাবীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাদের সৎ, দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনার রশিদ, কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী নীপা রানী সরকার বলেন, “সকল আলোচনাই অনুপ্রেরণাদায়ক ছিলো। যদি এই কথাগুলো বাস্তবে প্রয়োগ করতে পারি, তবে সফলতা ধরা দেবেই।”
অন্যদিকে শিবগঞ্জ থেকে আগত আব্দুর রউফ জানালেন, “আজকের প্রেরণা আমার জীবনের পথচলায় আলোর দিশা দেবে। ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করব।”অনুষ্ঠানজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ, ছিলো সফলতার গল্প, ভবিষ্যতের স্বপ্ন আর সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়।
ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, এই আয়োজন শুধু একটি সংবর্ধনা নয়—এ এক মূল্যবোধের পাঠশালা, যেখানে তরুণরা শিখে নেয় আদর্শ নাগরিক হবার প্রাথমিক পাঠ।