বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘গণঅভ্যুত্থানের গীতিকা: জুলাইয়ের অদম্য নারীরা’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনী। সোমবার (৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ও স্মৃতিকে উপজীব্য করে বিলবোর্ড ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীর পূর্বে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ সভা, যেখানে বক্তব্য রাখেন তাহিরা মুবাশ্বিরা (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), মোছা: আসমা খাতুন (মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ) এবং মাহমুদা খাতুন জ্যোতি (আরবি বিভাগ)।
ঢাবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু দীর্ঘ ৫৪ বছরেও স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা পাইনি। ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় ব্যক্তি থেকে রাষ্ট্র, সবকিছুই বিষাক্ত হয়ে উঠেছিল।’ তিনি আরও বলেন, ‘হাসিনার অপশাসন ও দমননীতির কারণে জনগণের মনে এক নিঃশব্দ ক্ষোভ জমে ওঠে, যা ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়।’
সভানেত্রী তামান্না বলেন, ‘জুলাইয়ের শহীদেরা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের এনে দিয়েছেন আজাদী। এই আজাদী রক্ষার দায়িত্ব এখন আমাদের কাঁধে। শহীদদের আত্মত্যাগ তখনই পূর্ণতা পাবে, যখন আমরা ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করব।’
আলোকচিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।