“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”-এই প্রতিপাদ্যে ইডেন মহিলা কলেজ অডিটোরিয়ামে নানা আয়োজনের মাধ্যমে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস -২০২৫।
রবিবার (২৯ জুন) সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু এই আয়োজন।এসময় শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে দেখা যায় নানা সচেতনতামূলক বার্তা। এরপর ইডেন মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করেন।
বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা রাখেন— ইডেন মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মাহফিল আরা বেগম, প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আজাদ খান মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও বিশেষ অতিথি আলমগীর কবির সাধারণ সম্পাদক, বাপা।
ড. আজাদ খান বলেন, “জীবনকে প্লাস্টিকময় করে তোলা যাবে না। পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। ”
আলমগীর কবির তার বক্তব্যে পরিবেশ রক্ষায় কার্যকরি দিকনির্দেশনা তুলে ধরেন।এছাড়া বিশেষভাবে প্লাস্টিক দূষণরোধে বিকল্প ব্যবস্থাপনার কথা বলেন ।
আলোচনা শেষে “Green Voice বহ্নিশিখা”-এর আয়োজনে সাত দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. শামছুন নাহার। তিনি তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই সচেতন করতে হবে। সম্মিলিত প্রয়াসেই সম্ভব পরিবেশ দূষণ প্রতিরোধ করা।”
তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, আমরা ছোটবেলায় দেখতাম বাজার করতে একটি ব্যাগ নিয়ে যেত। এখন স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে হাতে ব্যাগ নিয়ে কেউ বাজারে যায় না বরং প্রতিটি জিনিসের জন্য এক একটি পলিথিন নিয়ে আসি।
তিনি আরো বলেন,আমাদের ক্যান্টিনগুলোয় ওয়ান টাইম প্লেট, কাপ ইত্যাদি ব্যবহার কমানোর বিষয়ে চিন্তা করছি। শিক্ষার্থীদের ও বলব তোমরা এগুলো বর্জন করো, সচেতন হও, তাহলেই কিন্তু পরিবেশটা সুন্দর হবে।
এছাড়া প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা সুলতানা একটি চমৎকার প্রেজেন্টেশন করেন। যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে এই প্লাস্টিকের মাঝে জীবন বিপর্যস্ত হয়ে আছে এবং কিভাবে এখনো উত্তরণের পথে হাঁটতে পারি।
পরিশেষে বলা যায়, পরিবেশ রক্ষায় রুখতে হবে পলিথিন এবং বিকল্প সুস্থ জীবনের প্রতিজ্ঞা নিয়ে শেষ হলো বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ এর এই আয়োজন ।