আসন্ন ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এ ১৯ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২৫ মে থেকে শুরু হচ্ছে এ ছুটি।
বৃহস্পতিবার (১৫ মে) ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রদান করা হয়।
এতে বলা হয়, তীব্র তাপদাহ, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা প্রভৃতি দিক বিবেচনায় এনে পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত ১৯ দিন ক্লাস ছুটি থাকবে। এছাড়া ১৩ ও ১৪ জুন শুক্রবার, শনিবার সাধারণ ছুটি হওয়ায় আরো ২দিন ছুটি বাড়বে। সবমিলিয়ে ছুটি ২১দিন।
আরো বলা হয়েছে, ছুটির মাঝে কোনরূপ পরীক্ষা গ্রহণ করা হবে না। তবে ছুটিকালীন শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় এনে কোন বিভাগ অনলাইন ক্লাস পরিচালনা করতে চাইলে বিভাগীয় চেয়ারম্যান সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সেটি নেয়ার ব্যবস্থা করবেন।
এ ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, পরিবহণ, মেডিকেল, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বৃক্ষরাজি রক্ষণাবেক্ষণ কার্যক্রম) যথারীতি চালু থাকবে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কগণ এইরূপ কাজের যথাযথ তদারকি করবেন।
উল্লেখ্য, ১৫/০৬/২০২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের শুধু অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৬ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।