আট দফা দাবি না মানলে আগামী ১২ আগস্ট থেকে সারা দেশে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
শুক্রবার (৮ আগস্ট) যশোর জেলা শ্রমিক ইউনিয়নে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় এ কথা জানানো হয়।
সড়ক পরিবহন মালিক সমিতি ফেডারেশনের মহাসচিব সাইফুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দুর্ঘটনায় চালকের জামিন না পাওয়ার আইন সংশোধনসহ ৮ দফা দাবি না মানলে এ ধর্মঘট হবে। যোগাযোগ উপদেষ্টার কাছে আমরা আট দফা দাবি জানিয়েছি। সারা দেশে দাবির পক্ষে প্রচার চলছে। আমাদের দাবি মেনে না নিলে ১২ আগস্ট ভোর ৬টা থেকে ১৫ আগস্ট ভোর ৬টা পর্যন্ত সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে।
সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ যশোরের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে ও যশোর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ লতিফ, বরিশাল জেলা প্রতিনিধি ইউসুফ হাওলাদার প্রমুখ।