ফেনীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সোমবার (১২ মে) রাতে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানিপুর এলাকা মৃত মোবারক মাস্টার ছেলে মোছাদ্দেক আলী খান প্রকাশ ডাক্তার ছাদেক (৬২), ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকার নুরুন নবীর ছেলে আরিফুল ইসলাম রকি (২৮), ফেনী পৌরসভার দক্ষিণ চাড়িপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে হাজী আবুল কাসেম (৭০) ও দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের মৃত জালাল আহাম্মদের ছেলে মো. ওসমান (৩১)
এর আগে, বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত থেকে শনিবার (১০ মে) পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ফেনী সদর উপজেলা থেকে ৯ জন, দাগনভূঞা থেকে ৬ জন, পরশুরাম থেকে ৪ জন, সোনাগাজী থেকে ৩ জন, ছাগলনাইয়া থেকে ১ জন ও ফুলগাজী থেকে ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গ্রেপ্তারকৃতদের বৈষম্যবিরোধী আন্দোলনের হতাহতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।