Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জাকসু মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর আহবান ছাত্রসংগঠনগুলোর

জাবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ঘোষিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য মাত্র দুদিন সময় নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন ছাত্রসংগঠন সময় বাড়ানোর দাবি জানিয়েছে।

পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে মাত্র দুদিনের এ স্বল্প সময়ে প্রার্থীদের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ শে আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত। এরপর ২৮ আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট।

জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য মাত্র দুইদিন সময় নির্ধারণ করায় অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অন্যদিকে, মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়ায় কমিশন নিজে চার দিন সময় নিচ্ছে—যা ছাত্র সংগঠনগুলোর সমালোচনার জন্ম দিয়েছে।

তাদের অভিযোগ, প্রার্থীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হলেও নির্বাচন কমিশন নিজের কাজে পর্যাপ্ত সময় নিচ্ছে। শিক্ষার্থীদের দাবি এতো কম সময় দিলে অনেক প্রার্থী নানাবিধ জরুরি পরিস্থিতির কারণে মনোনয়ন সংগ্রহ করতে না পেরে নির্বাচনী প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে পারেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল বলেন, “যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র দুইদিন এটা কোনভাবেই কাম্য নয়। কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায় বা হঠাৎ পরিবারের কেউ মারা যায়, তাহলে কি সে প্রার্থী হওয়ার সুযোগ হারাবে? মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময়সীমা অন্তত ৪ থেকে ৫ দিন পর্যন্ত বাড়ানো উচিত। এতে প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার যথেষ্ট সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, “মনোনয়নপত্র বিতরণ ও জমাদান দুইদিনে শেষ করা এবং যাচাই-বাছাইয়ে চারদিন সময় নেওয়া—এটা কখনোই যুক্তিসংগত নয়? মনোনয়নের জন্য মাত্র দুইদিন আর যাচাই-বাছাইয়ে এত সময়—এটার যৌক্তিকতা কোথায়?

এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, “ জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য মাত্র দুইদিন সময় নির্ধারণ শিক্ষার্থীদের জন্য নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। অনেকেই হয়তো ঐ দুইদিন ক্লাস, পরীক্ষা বা জরুরী কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। কারও গুরুতর অসুস্থতা হতে পারে বা হঠাৎ পারিবারিক জরুরি পরিস্থিতি দেখা দিতে পারে, যা তাদের মনোনয়ন সংগ্রহে বাঁধা হয়ে দাঁড়াবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকা শিক্ষার্থীদের এতো অল্প সময়ে এসে প্রক্রিয়া সম্পন্ন করাও কষ্টসাধ্য। ফলে যোগ্য অনেক প্রার্থী এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকবেন।”

এ বিষয়ে ছাত্রদলের আহবায়ক বাবরের মন্তব্য নিতে একাধিকবার ফোন করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫। বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালে। প্রায় তিন দশক পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক