ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. ওমর ফারুক খানকে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩ আগস্ট, রোববার তিনি এ পদে নিযুক্ত হন।
এর আগে তিনি একই ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি এনআরবি ব্যাংক পিএলসিতেও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে মো. ওমর ফারুক খান ইসলামী ব্যাংকে যোগ দেন। চার দশকের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রধান কার্যালয়ের ট্রেজারি, ফরেন ট্রেড, করপোরেট ইনভেস্টমেন্টসহ বিভিন্ন উইং ও ডিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি লোকাল অফিস ও একাধিক শাখার প্রধান হিসেবেও কাজ করেছেন।
তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)-এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট এবং লন্ডনের ‘দ্য লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স’-এর সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (CDCS) ডিগ্রিধারী।
ব্যাংকিং ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, মালয়েশিয়া, কাতার, থাইল্যান্ড, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও নেপালসহ বিভিন্ন দেশে সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। মো. ওমর ফারুক খান ১৯৬৩ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।