আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। শনিবার (২ আগস্ট) বিকেলে অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, ‘জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় এটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। বিস্তারিত ঘোষণা পরবর্তীতে জানানো হবে।’
এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। এই ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’
গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’। অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে সম্প্রতি ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
ঘোষণাপত্রের খসড়ায় মোট ২৬টি দফা রয়েছে। এর মধ্যে প্রথম ২১ দফায় তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধ, অতীতের গণতান্ত্রিক সংগ্রাম ও সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট।
অন্যদিকে শেষ পাঁচটি দফায় রাষ্ট্রীয় গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তা, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন ও নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের বিচার দাবি করা হয়েছে। এছাড়া আইন ও মানবাধিকারের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন এবং একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ার অঙ্গীকার তুলে ধরা হয়েছে।