শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলী তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা’ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্কাউটিং থেকে অনেক কিছু শেখার আছে।কিভাবে জনসেবা করতে হয়, নেতৃত্ব দিতে হয়, জনগণকে ভালবাসতে হয়, দেশের জন্য আত্মত্যাগ করতে হয় সেটা স্কাউটিংয়ের মাধ্যমে শেখা যায়। তাই আজ যারা স্কাউট করছেন, তারা একসময় নেতৃত্বের আসনে বসবে।
তিনি আরো বলেন, আমরা চাই মাদকমুক্ত এবং নৈতিকতা গুণসম্পন্ন একটি জাতি গড়ে তুলতে। এজন্য বর্তমান সরকার শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার উন্নয়নে স্কুল ড্রেস বিতরণ, সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিডডে মিল চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও দক্ষতা উন্নয়নে খেলাধুলা ও কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া স্কাউটসের উন্নয়নে একটি পৃথক স্কিম গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের প্রধান সম্পদ হলো মেধাবী তরুণ সমাজ। তাই, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণ ও মেধাবীদের গুরুত্ব দিতে হবে। আমাদের যে জনসংখ্যা রয়েছে, তাকে জনসম্পদে পরিণত করতে পারলে ভবিষ্যতে আমরাই বিশ্বে নেতৃত্ব দিব। এজন্য আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি।
বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটসের উপ প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদেরকে একটি সার্টিফিকেট (অভিনন্দন পত্র), মেডেল ও ২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়