চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের অংশ হিসেবে প্যাথলজি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা স্বল্প ব্যয়ে ২১টি প্যাথলজিক্যাল পরীক্ষা করাতে পারবেন।
আজ রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চবি মেডিকেল সেন্টারে প্যাথলজি ল্যাবের উদ্বোধন করেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন এবং চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান বলেন, ‘মেডিকেলে যারা দায়িত্বে আছেন, তারা যেন শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে প্রয়োজনে শহরে রেফার করেন। কোনোভাবেই অবহেলার কারণে বড় ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। শিক্ষার্থীদের কল্যাণের জন্যই আজ প্যাথলজি ল্যাব উদ্বোধন করা হলো। আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে এই মেডিকেল সেন্টারকে পূর্ণাঙ্গ মেডিকেল হাসপাতালে রূপান্তর করার।’
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘আমরা সবচেয়ে আধুনিক মেশিন এখানে এনেছি। শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন এর যথাযথ ব্যবহার নিশ্চিত করে। শিক্ষার্থীদের জন্য ফি নির্ধারণের ক্ষেত্রে সরকারি রেটের সর্বনিম্ন সীমা রাখা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শিক্ষার্থীদের তুলনায় কিছুটা বেশি ফি দেবেন, আর বাইরের লোকদের জন্য ফি আরও কিছুটা বেশি হবে। তবুও বাইরের যেকোনো স্থানের তুলনায় এখানে রেট অনেক কম।’
তিনি আরও বলেন, ‘মানুষ অসহায় হয়ে চিকিৎসকের কাছে আসে। আপনারা যারা চিকিৎসা দেবেন, শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ করবেন। আমি জানি, আপনারা আন্তরিক; এরপরও বলছি, তাদের সাথে যেন সর্বদা ভালো ব্যবহার করা হয়।’
স্বাগত বক্তব্যে চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতায় আজ মেডিকেল সেন্টারের আধুনিকায়নের অংশ হিসেবে প্যাথলজি ল্যাব চালু হলো। এখন থেকে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন। আমরা যে মেশিন এনেছি, তা অত্যাধুনিক এবং দেশের বড় বড় মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যবহার করা হয়।’
প্যাথলজি ল্যাবে যেসব পরিক্ষা হবে :-
রক্তের হিমোগ্লোবিন শতাংশ (এইচবি %), সম্পূর্ণ রক্ত পরীক্ষা (সিবিসি), লিপিড প্রোফাইল (কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, উচ্চ ঘনত্বের লিপোপ্রোটিন, নিম্ন ঘনত্বের লিপোপ্রোটিন), সিরাম বিলিরুবিন মোট, সিরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্সঅ্যামিনেজ (এসজিপিটি), সিরাম গ্লুটামিক অক্সালোঅ্যাসেটিক ট্রান্সঅ্যামিনেজ (এসজিওটি), অ্যালকালাইন ফসফাটেজ (এএলপি), সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইউরিয়া, সিরাম ইউরিক অ্যাসিড, সিরাম অ্যালবুমিন, রক্তের গ্লুকোজ (একক নমুনা), সিরাম ক্যালসিয়াম, সি-রিঅ্যাকটিভ প্রোটিন (সিআরপি টাইটার), হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন (এইচবিএসএজি), উইডাল পরীক্ষা, গর্ভধারণ পরীক্ষা (ডিভাইস পদ্ধতি), প্রস্রাবের সাধারণ পরীক্ষা (ইউরিন আর/ই), মলের সাধারণ পরীক্ষা (স্টুল আর/ই), মাদকদ্রব্য শনাক্তকরণ পরীক্ষা (ডোপ টেস্ট – ৫ ধরণ) এবং রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর নির্ণয় পরীক্ষাসহ একাধিক আধুনিক পরীক্ষা-নিরীক্ষা করা যাবে।