চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসজুড়ে চালু হওয়া ইলেকট্রনিক কার (ই-কার) এর ভাড়া পুনর্বিবেচনা করতে কতৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এসময় ই-কারের ভাড়া উঠানামা ৫ টাকা করতে দাবি জানায় সংগঠনটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিনকে স্মারকলিপি দেন ছাত্রসংগঠনটির নেতৃবৃন্দ।
এতে ক্যাম্পাসে সম্প্রতি চালু হওয়া ই-কারের ভাড়া পুনর্বিবেচনা ও চক্রাকার বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজের নেতৃত্বে দেওয়া স্মারকলিপিতে তিনটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো— ১. ক্যাম্পাসের সকল হল, অনুষদ ও গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যন্ত ই-কারের পর্যাপ্ত সেবা নিশ্চিত করা; ২. ক্যাম্পাসের সর্বত্র ই-কারের ভাড়া উঠানামা ৫ টাকা নির্ধারণ করা এবং ৩. বিশ্ববিদ্যালয়ের ১ নং থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে ফ্রি চক্রাকার বাস সার্ভিস চালু করা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ, আমানত হলের সভাপতি সৈকত হোসেন, আব্দুর রব হলের সভাপতি মেহেদী হাসান সোহান, বিজ্ঞান অনুষদের সভাপতি আবিদুর রহমান, আব্দুর রব হলের সেক্রেটারি হাফেজ বোরহান উদ্দিন।